আজ মিনায় অবস্থান করবেন হাজিরা
উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১২:১০
হজ পালনের উদ্দেশ্যে শনিবার (১৭ জুলাই) দিনভর মুসল্লিরা জড়ো হয়েছেন সৌদি আরবের মক্কা নগরীতে। এ সময় হাজার হাজার কণ্ঠে উচ্চারিত হয়, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা’। শনিবার সকাল থেকে কাবা শরিফে তওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে গতবারের মতো এবারও সীমিত সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবার সৌদি আরবের বাইরে অন্য কোনো দেশের নাগরিক হজ পালনের জন্য অনুমতি পাননি। সৌদি আরবের ৬০ হাজার নাগরিক ভ্যাকসিন গ্রহণের শর্তে হজ পালনের সুযোগ পেয়েছেন।
হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সায়েদ বলেন, এবার প্রতি তিন ঘণ্টায় অন্তত ৬ হাজার হাজি কাবা শরীফ তওয়াফের সুযোগ পাচ্ছেন। মহামারিকালীন সতর্কতার অংশ হিসেবে ৬ হাজার হাজির এক গ্রুপ তওয়াফ শেষ করার সাথে সাথেই ওই স্থান জীবাণুমুক্ত করা হচ্ছে।
রবিবার (১৮ জুলাই) মসজিদুল হারামের প্রায় ৮ কিলোমিটার পূর্বে অবস্থিত মিনায় যাবেন হাজিরা। এর মাধ্যমেই হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

