করোনায় আরও ২২৫ মৃত্যু: শনাক্ত ১১ লাখ ছাড়াল
উত্তরদক্ষিণ| রবিবার, ১৮ জুলাই ২০২১| আপডেট ১৮:২৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে।
রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৫৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।
এর আগে শনিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় দেশে ২০৪ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬টি। শনাক্তের হার ২৯.০৯ শতাংশ। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১.৬২ শতাংশ।
এদিকে, একদিনে আরও ৮ হাজার ৮৪৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৯ লাখ ৩২ হাজার ৮ জন, সুস্থতার হার ৮৪.৪২ শতাংশ।
মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে পুরো বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। আমেরিকার জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ৮১ হাজার ৫৩৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ২৯৭ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৫৯ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৭৫৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৪২৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৮ হাজার ৮৮১ জন।

