দাঁড়িপাল্লা হাতে পেয়ারা বিক্রি করছেন পুলিশ সুপার!
উত্তরদক্ষিণ| রবিবার, ২৫ জুলাই ২০২১| আপডেট ১৮:০০
একজন পেয়ারা বিক্রেতার ভ্যান থেকে পেয়ারা কিনে বাড়ি ফেরার পর আপনি জানতে পারলেন ওই বিক্রেতা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। নিশ্চয়ই এ কথা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। আগ্রহ জাগবে কেনো এমনটি ঘটলো। গতকাল শনিবার অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ ভাইরাল হয়ে যায় পুরো ঘটনাটি।
জানা যায়, বহরমপুর শহরের বাজারে বাজার করতে এসে এক পেয়ারা বিক্রেতার উপকার করতে গিয়ে নিজেই বিক্রেতা বনে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার। ওই পেয়ারা বিক্রেতা তন্ময় সরকারের কাছে সাহায্য চেয়ে বলেন, দাদা-আমার ভ্যানটি একটু দেখবেন। আমি খেয়ে আসি। মানবতার দিকে চেয়ে ওই পুলিশ কর্মকর্তা তাকে সাহায্য করেন। ভ্যানের দিকে নজর দিতে গিয়ে ক্রেতাদেরকেও খালি হাতে ফেরত পাঠান নি তিনি। দাঁড়িপাল্লা হাতে নিয়ে পেয়ারা বিক্রেতা বনে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ২০ মিনিট দাঁড়িপাল্লায় দিয়ে পেয়ারা বিক্রি করতে দেখা যায় ওই পুলিশ সুপারকে। পুলিশ সুপারের পরিচয় জানতে পেরে অবাক হয়ে যান আসল বিক্রেতা। তিনি বলেন, আমি প্রতিদিন এই এলাকায় পেয়ারা বিক্রি করি। শনিবার সকালেও দোকান খুলে বসেছিলাম।
আমি না চিনেই উনাকে পেয়ারার ভ্যানটি দেখতে বলি। আমি তখন জানতাম না উনি এতবড় একজন পুলিশ অফিসার। উনি যে নিঃশব্দে আমার দাবি মেনে নেবেন, ভাবতেই পারিনি।
পেয়ারা বিক্রেতা হিসেবে নিজের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সেই পুলিশ সুপার তন্ময় জানান, মাঝেমধ্যেই এ ভাবে পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি। শহরের যানবাহনের পরিস্থিতি দেখতে দেখতে আর সাধারণ মানুষের মন বুঝতেই শনিবারও বেরিয়েছিলেন। এ ভাবে খবরটি ভাইরাল হবে বুঝতে পারেননি।

