সারদাগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৩:০০
গাজীপুরের সারদাগঞ্জ এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কাশিমপুর থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, রবিবার (২৫ জুলাই) রাতে মিথিলা ফারজানা (২৩) নামে এই তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠান তারা।
মিথিলা টাঙ্গাইলের গোপালপুর থানার ঘোড়ামারা এলাকার মো. শরিফুল ইসলামের স্ত্রী। এসআই মোশারফ পরিবারের বরাতে বলেন, সারদাগঞ্জ এলাকায় আব্দুল হালিমের বাড়িতে পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন মিথিলা।
“রবিবার সন্ধ্যায় বাসার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি। পরে স্বজনরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিথিলা ফারজানা আত্মহত্যা করেছেন।” এ ব্যাপারে কাশিমপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

