ফাউচির মন্তব্য: কোভিড মোকাবেলায় ভুল পথে আমেরিকা

ফাউচির মন্তব্য: কোভিড মোকাবেলায় ভুল পথে আমেরিকা

উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১২:৫৫

যারা এখনও পর্যন্ত করোনার টিকা গ্রহণ করেননি তাদের মধ্যে সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা বিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাউচি মন্তব্য করে বলেছেন, কোভিড মোকাবেলায় ভুল পথে রয়েছে দেশ।

গতকাল রবিবার (২৫ জুলাই) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাউচি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা নেওয়া লোকজনের জন্য মাস্ক ব্যবহারের বিধি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া যারা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, তাদেরকে টিকার দুই ডোজের অতিরিক্ত ‘বুস্টার’ ডোজ দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমেরিকায় করোনাভাইরাস সংক্রমণ ‘টিকা না পাওয়া লোকজনের মধ্যে মহামারী আকার ধারণ করছে।” যেসব এলাকায় টিকা দেওয়ার হার কম সেসব জায়গায় এই ভাইরাসের ডেল্টা ধরনের কারণে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, আমেরিকার ১৬ কোটি ২৭ লাখ মানুষকে টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৪৯ শতাংশ। গত এপ্রিল পর্যন্ত টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় ছিল আমেরিকা। এর পর থেকেই সেখানে টিকা দেওয়ার হার কমতে থাকে।

বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে টিকা দেওয়ার হার বেশ কম। কিছু কিছু ক্ষেত্রে এসব রাজ্যের বাসিন্দাদের অর্ধেকেরও কম টিকার প্রথম ডোজ পেয়েছেন। আমেরিকাতে গত মে এবং জুন মাসে দৈনিক শনাক্তের হার কমে আসলেও তা আবারও বাড়তে শুরু করে। এরই মধ্যে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর সংখ্যা ছয় লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

ইন্ডিয়ার শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক ‘ডেল্টা ধরনের’ কারণে আক্রান্তের এই ঊর্ধ্বগতি দেখা গেছে। ফ্লোরিডা, টেক্সাস এবং মিসৌরির মতো টিকা দেওয়ার হার যে সব রাজ্যে কম সেখানেই সংক্রমণ বাড়ছে।

এ সপ্তাহের শুরুতে আমেরিকার সার্জন জেনারেল বিবেক মূর্তি জানান, কোভিড আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের ৯৯ দশমিক ৫ শতাংশ ছিলেন টিকার বাইরে। ড. ফাউচি বলেছেন, টিকা দেওয়ার হার কম এমন এলাকার স্থানীয় নেতাদের উচিত লোকজনকে টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading