লকডাউন: অযথা ঘোরাঘুরি করায় রাজধানীতে গ্রেপ্তার ৫৬৬ জন
উত্তরদক্ষিণ| সোমবার, ২৬ জুলাই ২০২১| আপডেট ১৯:১৫
মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এ সময়ে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া আইনত অপরাধ। বিধিনিষেধ সঠিকভাবে বাস্তবায়নে মাঠে সক্রিয় আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউনের চতুর্থ দিনে আজ সোমবার (২৬ জুলাই) যৌক্তিক কারণ ছাড়া অযথা ঘোরাঘুরি করার অপরাধে রাজধানীতে ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ কমিশনার ইফতেখাইরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এদিন রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইলের কোর্টের মাধ্যমে ১৬৪ জনকে জরিমানা করা হয়েছে । এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

