লকডাউন: বিধিনিষেধ অমান্যে মঙ্গলবার আটক ৫৫৫ জন
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১| আপডেট ২২:৫০
মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে চলছে কঠোর লকডাউন।এ সময় বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার (২৭ জুলাই) পঞ্চম দিনে বিধিনিষেধের নির্দেশনা অমান্য করায় ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, এ দফায় কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৫৫৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, পঞ্চমদিন বিধি-নিষেধ অমান্য করায় ৪৯৭ টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত।

