নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়া গেলে ছাড় নয়: ডিএনসিসি মেয়র
উত্তরদক্ষিণ| বুধবার, ২৮ জুলাই ২০২১| আপডেট ১৮:৪০
নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি আজ বুধবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধন অভিযানে এ কথা জানান। তিনি বলেন প্রয়োজনে সেখানে জরিমানা করা হবে, জেল দেয়া হবে।
একইসঙ্গে তিনি আরও বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সব থেকে কম থাকবে সেই ওয়ার্ডের কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে। আমাদের ৭২০ জনের মতো স্বেচ্ছাসেবী আছেন। তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে ছবি তুলবেন। এভাবে যে স্বেচ্ছাসেবক এমন ছবি সব থেকে বেশি দিতে পারবেন যেখানে লার্ভা আছে, সেই স্বেচ্ছাসেবককেও আমরা পুরস্কৃত করব। বিশেষ করে কোনো নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না। সেখানে জরিমানা করা হবে, প্রয়োজনে জেল দেওয়া হবে।
মেয়র আতিক বলেন, আমরা একটা নতুন ক্যাম্পেইন করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটের জন্য নগরবাসী নিজ নিজ বাসাবাড়ি এবং এর আশপাশের এলাকা পরিষ্কার করবেন।

