কর্মস্থলে ফিরতে শুরু করেছে শ্রমিকেরা, যানবাহন সংকটে ভোগান্তি
উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ১১:১৫
আগামী রবিবার (১ আগস্ট) থেকে গার্মেন্টসসহ রপ্তানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মধ্যে আগামী ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানিমুখী সকল শিল্প ও কল-কারখানা খোলা থাকবে।
এ খবরে রাজধানীসহ আশেপাশের এলাকার কারখানায় কাজ করা শ্রমিকেরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। কারখানায় কাজ করা শ্রমিকেরা লকডাউনে যারা বাড়ি গিয়েছিলেন তারা এ নৌরুট দিয়ে ফিরতে শুরু করেছেন। ফলে এ নৌরুটে ফেরিগুলোতে যাত্রী চাপ বেড়েছে দিগুণেরও বেশি। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারের সময় দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরিগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে পাটুরিয়া ঘাটে আসছে। ঘাট এলাকা থেকে মোটরসাইকেল, সিএনজি,পিকআপে করে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাত্রীরা নিজ গন্তব্যে ছুটছেন। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কয়েকগুণ ভাড়া আর যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬ ফেরি রয়েছে। জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারে সকাল থেকে ৭ থেকে ৮টি ফেরি চলাচল করছে।

