করোনা: মমেক হাসপাতালের আরও ১৬ মৃত্যু
উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ১০:৩৫
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের।
শনিবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৯০ জন চিকিৎসাধীন আছেন। করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি রোগীর চাপ বেড়েছে। দেখা দিয়েছে শয্যা সংকট। মেঝেতেও ঠাঁই হচ্ছে না রোগীদের। নতুন করে তৈরি হচ্ছে অক্সিজেন সংকট।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৬৫২ টি নমুনা পরীক্ষা করে নতুন ২০৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ শতাংশ।

