অলিম্পিক ফুটবল: শেষ চারে ব্রাজিল
উত্তরদক্ষিণ| শনিবার, ৩১ জুলাই ২০২১| আপডেট ১৮:৪০
অলিম্পিক ফুটবলের শেষ চারে নাম লেখাল ব্রাজিল। আর তাতে গতবারের সোনা জয়ীরা তাদের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেলো। আজ শনিবার (৩১ জুলাই) টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টের শেষ আটের লড়াইয়ে মিসরকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল জায়ান্টরা।
সাইতামা স্টেডিয়ামের কোয়ার্টার ফাইনালে একমাত্র গোলটি করেন কুনহা। ম্যাচের ৩৭ মিনিটে এভারটন ফরোয়ার্ড রিচার্লিসনের পাস থেকে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করন তিনি।
টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত দুর্বার গতিতে এগিয়ে চলেছে ব্রাজিল। এবার তাদের স্বপ্নযাত্রার নেতৃত্বে রিচার্লিসন। মিসরের বিপক্ষে স্কোরশিটে তার নাম ওঠেনি ঠিক, কিন্তু এই ফরোয়ার্ডের পাস থেকেই জয়সূচক গোলটি করেছেন মাথিয়াস কুনহা। দক্ষিণ কোরিয়া-মেক্সিকোর অন্য কোয়ার্টার ফাইনাল জয়ীর সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে দানি আলভেসরা।

