গৃহকর্মীকে নির্যাতন: চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুই মামলা
উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৪:৪৪
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ঢাকাই সিনেমার এক সময়ের নায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুটি মামলা হওয়ার পর তাকে আদালতে পাঠিয়েছেন পুলিশ। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক বলেন, গতকাল শনিবার রাতে একার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন তার গৃহকর্মী হাজেরা। আর তার বাসায় মাদকদ্রব্য পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পুলিশ।
রবিবার (১ আগস্ট) দুপুরে একাকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে পরিদর্শক মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, “তাকে জিজ্ঞাসাবাসের জন্য রিমান্ডের আবেদন করা হবে।”
জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ গৃহকর্মী হাজেরার অভিযোগ পেয়ে গতকাল শনিবার রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে একাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। থানার ওসি আব্দুর রশিদ বলেন, “তিন মাস ধরে কাজ করলেও গৃহকর্মীকে কোনো বেতন দিচ্ছিলেন না একা। বকেয়া বেতন চাইলে তাকে মারধর করা হয় বলে হাজেরা অভিযোগ করেছেন। তার মাথায় জখমের চিহ্ন রয়েছে।“
একার বাসায় অভিযানে গিয়ে পুলিশ পাঁচটি ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মদ উদ্ধার করেছে বলেও জানান ওসি। গৃহকর্মী হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিন মাস আগে একার বাসায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। তার গ্রামের বাড়ি শেরপুর সদরের হরিণধরা গ্রামে।
নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখানো একা ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে গত প্রায় এক দশক ধরে তাকে আর সিনেমায় দেখা যায়নি।

