মেয়র আতিকের মন্তব্য: ডেঙ্গু নিয়ে খারাপ অবস্থায় আছি

মেয়র আতিকের মন্তব্য: ডেঙ্গু নিয়ে খারাপ অবস্থায় আছি

উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৪:১৬

করোনা মহামারীর মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ‘চ্যালেঞ্জ তৈরি হয়েছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশা নিয়ন্ত্রণে রবিবার (১ আগস্ট) উত্তরা এলাকায় প্রচার চালাতে গিয়ে তিনি বলেন, “মহামারীর মধ্যেই আমরা ডেঙ্গুর চ্যালেঞ্জের মুখে পড়েছি। এই চ্যালেঞ্জে আমরা খুব খারাপ একটা অবস্থায় আছি।” বর্ষা শুরুর পর দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯৬ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের রেকর্ড। আক্রান্তদের মধ্যে ১৯৪ জনই ঢাকার বাসিন্দা।

এ বছর এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৪৭ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আইইডিসিআর ও সিডিসির তথ্যের বরাত দিয়ে উত্তরের মেয়র বলেন, “অগাস্টে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। এজন্য আমরা উত্তর সিটি করপোরেশন থেকে এইডিস মশার উৎস নির্মূলে এই অভিযান শুরু করেছি।”

মেয়র বলেন, নির্মাণাধীন বাসাবাড়ি এবং বহুতল ভবনে এইডিসের মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। সে কারণে এসব দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। “যারা কনস্ট্রাকশন করছেন, এটা ডেভেলপার হোক আর ব্যক্তিপর্যায়ে হোক, আপনারা মেহেরবানি করে, বিনয়ের সঙ্গে বলছি, রিহ্যাবের সদস্যরা মিটিং করুন, সদস্যদের সঙ্গে বসুন, তাদের বলুন, সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশন সাইটে। এর প্রতিকারে আপনারা এগিয়ে আসুন।

“আমাদেরকে বাধ্য করবেন না সাইটে গিয়ে জেল-জরিমানা করতে। যখন আমরা গিয়ে লার্ভা পাব, অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেটরা তাদের আইনের আওতায় আনবেন।” ঢাকা উত্তরের ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading