৬ আগস্ট থেকে দোকান খুলে দেয়ার দাবি

৬ আগস্ট থেকে দোকান খুলে দেয়ার দাবি

উত্তরদক্ষিণ| রবিবার, ১ আগস্ট ২০২১| আপডেট ১৭:৫৫

মহামারি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে চলছে কঠোর লকডাউন। সরকার ঘোষিত বিধিনিষেধের কারনে বন্ধ রয়েছে দোকানপাট। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোকান-মালিকরা। আর তাই আগামী ৬ আগস্ট থেকে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও দোকান খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

আজ রবিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা নিউমার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকান লকডাউনের আওতায় না রাখার দাবি জানায় তারা।

সভাপতি হেলাল উদ্দিন বলেন, ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। দোকান বন্ধ, তাদের আয়ও বন্ধ। তাদের জীবন এখন থমকে গেছে। তাই সরকারের প্রতি আমরা এসব খুলে দেয়ার অনুরোধ জানাই।

সংবাদ সম্মেলনে ৫ আগস্টের পর দোকান খোলাসহ চার দফা দাবি পেশ করে দোকান মালিক সমিতি। এরমধ্যে আছে, দেশজুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading