চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন রাইলি মেরেডিথ
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১২:০৭
বাংলাদেশের বিপক্ষে এবার চোটের কারণে আরও একজনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ছিটকে গেছেন ফাস্ট বোলার রাইলি মেরেডিথ। সাইড স্ট্রেইন নিয়ে মেরেডিথকে মাঠের বাইরে যেতে হচ্ছে বলে সোমবার (২ আগস্ট) জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা পেসার ন্যাথান এলিসকে তাই যুক্ত করা হয়েছে মূল স্কোয়াডে।
২৬ বছর বয়সী এলিস গত বিগ ব্যাশে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে নজর কাড়েন। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং বেশ কার্যকর। চোটের কারণে অস্ট্রেলিয়া এই সিরিজে পাচ্ছে না সীমিত ওভারে তাদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে। বাংলাদেশে নেতৃত্বে দেবেন ম্যাথু ওয়েড।
ব্যক্তিগত কারণে সফরে আসেননি নিয়মিত সহ-অধিনায়ক প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। বাংলাদেশে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের সিরিজ শুরু মঙ্গলবার থেকে।

