ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, একদিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২৮৭ জন
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৬:১০
ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮৭ জন রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শুধু ঢাকাতেই রোগীর সংখ্যা ২৭৯ জন।
আজ সোমবার (২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।কন্ট্রোল রুমের তথ্য বলছে, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন রোগী।
বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৪০ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৩৮ জন রোগী।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ১৮২ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০০ জন।

