দেশেই টিকা উৎপাদনে শিগগির চুক্তি হবে: পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ| সোমবার, ২ আগস্ট ২০২১| আপডেট ১৮:৫০
মহামারি করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেশেই উৎপাদনের চেষ্টা করছে সরকার। এরই ধারাবাহিকতায় চীনের সিনোফার্মের সঙ্গে যৌথভাবে উৎপাদনের জন্য শিগগির চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সিনোফার্মের মধ্যে এই চুক্তি হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার (২ আগস্ট) চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা খসড়া চুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি… চুক্তি অনুসারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাল্ক আকারে ভ্যাকসিন পাবে। পরে তারা ভ্যাকসিন বোতলজাত, লেবেলিং ও ফিনিশিংয়ের কাজ করবে। শিগগির এই কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, কাজ শুরুর পর দুই মাস সময় লাগবে শেষ করতে। দেরি হলে সময়ের অপচয় হবে।
উল্লেখ্য, সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা পেতে বাণিজ্যিক চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্যেই চীন থেকে ৭০ লাখ টিকা দেশে এসেছে।

