মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘বেল বটম’
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ০৮:৫৫
জনপ্রিয় বলিউড তারকা অক্ষয় কুমার ও বাণী কাপুর অভিনীত সিনেমা বেল বটম মুক্তি পাতে যাচ্ছে। গত বছরের জুনেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৯ আগস্ট টু-ডির পাশাপাশি থ্রি-ডিতেও মুক্তি পাবে পিরিয়ডিক এ সিনেমা।
পরিচালক রণজিত এম তিওয়ারির স্পাই থ্রিলার বেল বটম। ছবিতে প্রথমবার ফুটে উঠবে অক্ষয় কুমার ও বাণী কাপুরের রোমান্স। অক্ষয়-বাণী ছাড়াও এই ছবিতে দেখা মিলবে লারা দত্তা, হুমা কুরেশিদের।
অক্ষয় কুমার টুইট বার্তায় ‘বেল বটম’ মুক্তির ঘোষণা দিয়েছেন । তিনি জানান, ‘পুরে ফিল কে সাথ থ্রিল এক্সপিয়েন্স করনা…১৯ আগস্ট’। অর্থাৎ এই রোমাঞ্চে ভরপুর থ্রিলারটা মনের অনুভূতি দিয়ে উপভোগ করার ইঙ্গিত দিলেন অক্ষয়। অক্ষয় আগেই জানিয়েছিলেন এই ছবি কোনো ফিল্মের রিমেক নয়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। গত বছর মার্চ থেকে ঝুলে রয়েছে ‘সূর্যবংশী’র মুক্তি। এরপর দিওয়ালিতে ওটিটি প্ল্যাটফর্মে ‘লক্ষ্মী’ মুক্তি পেলে তা মুখ থুবড়ে পড়ে। তবে বেল বটম নিয়ে এবার আশাবাদী এ অভিনেতা।
পূজা এন্টারটেইনমেন্ট ও এমিনি এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এ সিনেমা। বেল বটম প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ, মণীষা আদবানি, নিখিল আদবানি।

