ঢাকার পথে জাপানের উপহার আরও ৬ লাখ টিকা
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ০৯:১০
করোনা ভাইরাসের প্রতিষেধক কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের তৃতীয় চালান ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে।
ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস জানায়, মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দেশটির স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এসব টিকা উপহার দিচ্ছে জাপান সরকার। টিকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত। এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।
এর মধ্যে গত শনিবার দ্বিতীয় চালানে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমানযোগে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসে। আর গত ২৪ জুলাই প্রথম দফায় জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

