নোয়াখালীতে মাদ্রাসায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ শিশুর মৃত্যু
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১| আপডেট ১২:২৮
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি মাদ্রাসা ও এতিমখানায় ‘খাদ্যে বিষক্রিয়ায়’ এক শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া আরও ১৭ শিশু অসুস্থ হওয়ায় তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার একলাশপুর ইউনিয়নের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় গতকাল সোমবার রাতের খাবার খাওয়ার সময় তারা অসুস্থ হয় বলে অধ্যক্ষ ইসমাইল হোসেন জানান।
তিনি বলেন, রাতে শিক্ষার্থীদের গরুর মাংস ও ভাত দেওয়া হয়। দুপুরেও একই খাবার দেওয়া হয়েছিল। দুপুরে রান্না করা মাংস দুই ভাগ করে রাতের জন্য এক ভাগ রাখা হয়েছিল। রাতে এতিমখানার ৬১ জন শিশুর মধ্যে প্রথম ব্যাচে ২০ জনকে এই খাবার দেওয়া হয়। তাদের মধ্যে ১৮ জন অসুস্থ হয়। তাছাড়া এক শিক্ষকও একই খাবার খেয়ে অসুস্থ হন।
তাদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পর মিশন নূর হাদি (১০) নামে এই শিশুর মৃত্যু হয়। নূর হাদি মাদ্রাসার নূরানি শাখার ছাত্র।
অসুস্থ শিক্ষার্থীদের বয়স নয় থেকে দশ বছরের মধ্যে।
হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, হাসপাতালে ১৮ জন শিশুকে আনার পর একজন মারা যায়। অন্য শিশুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
“খাদ্যে বিষক্রিয়ার কারণে এ সমস্যা হতে পারে।” শিক্ষার্থী জানিয়েছে, প্রতিদিনের মত রাত ৯টার দিকে নামাজ শেষে এক শিক্ষকসহ নূরানি শাখার শিক্ষার্থীরা খাবার খাচ্ছিল। একপর্যায়ে সবাই বমি করতে থাকে। এ সময় স্থানীয় একজন চিকিৎসককে ডেকে আনা হয়। তার পরামর্শে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়।

