অলিম্পিক ফুটবল: এবারও সোনার হাসি ব্রাজিলের
উত্তরদক্ষিণ| শনিবার, ৭ আগস্ট, ২০২১| আপডেট ২০:৪৫
স্পেনকে হারিয়ে টোকিও অলিম্পিকেও সোনার হাসির ধারাবাহিকতা ধরে রাখল ব্রাজিল। টোকিওর নিশান স্টেডিয়ামে আজ শনিবার (৭ আগস্ট) ফাইনালে ২-১ গোলে জয় পায় ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে মাথেউস কুইয়া ব্রাজিলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন ম্যালকম।
অলিম্পিকসে ফুটবলে এ নিয়ে দ্বিতীয় সোনা জিতল ব্রাজিল। নিজেদের আঙিনায় ২০১৬ সালে রিও দে জেনেইরোর আসরে প্রথম সেরা হয়েছিল তারা।
নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে স্কোরলাইন থাকে ১-১। অতিরিক্ত সময়ে এসে বদলি ম্যালকম হলেন ত্রাতা। তার দেয়া গোলে জয়ের বন্দরে পৌঁছে ব্রাজিল। ১০৮ মিনিটে ম্যালকম বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে টপকে গোলকিপার উনাই সিমনের পাশ দিয়ে জয়সূচক গোলটি করেন। অ্যাসিস্ট অ্যান্থনির।
ইউডি/এজেএস

