৯ আগস্ট থেকে ওমরাহ’র জন্য আবেদন করা যাবে
উত্তরদক্ষিণ| সোমবার, ৯ আগস্ট ২০২১| আপডেট ১০:৪০
টানা আঠারো মাস বন্ধ থাকার পর অবশেষে খুললো ওমরাহ হজের দ্বার। সোমবার (৯ আগস্ট) থেকে দুই ডোজ টিকা নেওয়া ওমরাহ হজ প্রত্যাশীরা আবেদন করতে পারবেন। খবর-আল জাজিরার।
রবিবার (৮ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক খবরে জানানো হয় সোমবার (৯ আগস্ট) থেকে বিদেশি ওমরাহ হজ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করতে শুরু করবে দেশটি। তবে এক্ষেত্রে আগ্রহী হজ প্রত্যাশীকে অবশ্যই দুই ডোজ করোনাভাইরাসের টিকা নেওয়া হতে হবে। সঙ্গে রাখতে হবে করোনার টিকা নেওয়ার সনদপত্রও। অবশ্য সব টিকা গ্রহণকারীরা সুযোগ পাবেন না। সৌদি আরব সরকার কেবল মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ওমরাহ প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করবে।
প্রথম দফায় বিভিন্ন দেশ থেকে যতগুলো আবেদন পড়বে তার মধ্য থেকে ৬০ হাজার ওমরাহ হজ প্রত্যাশীদের সুযোগ দেওয়া হবে। এরপর ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়ানো হবে। এক সময় সেটা ২০ লাখও ছাড়িয়ে যাবে। প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

