আমেরিকায় ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত বিস্তারলাভ করায় আক্রান্তের সংখ্যা বাড়ছে
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১| আপডেট ১৫:২০
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত বিস্তারলাভ করায় আমেরিকায় নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৯ আগস্ট) আরক্যানস রাজ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর (আইসিইউ) মাত্র আটটি শয্যা খালি ছিল বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর এশা হাচিনসন।
কম টিকা হারের কারণে খাবি খেতে থাকা দক্ষিণাঞ্চলীয় অনেক রাজ্যসহ আমেরিকার বহু জায়গায় করোনাভাইরাসের ডেল্টা ধরনটি ছড়িয়ে পড়ছে।
রয়টার্সের টালি অনুযায়ী, গত তিন দিন ধরে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা গড়ে এক লাখ করে ছিল, যা গত সপ্তাহের চেয়ে ৩৫ শতাংশ বেশি। জনসংখ্যার ভিত্তিতে গত সপ্তাহে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে লুইজিয়ানা, ফ্লোরিডা ও আরক্যানসতে।
গত সপ্তাহে আমেরিকাজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০ শতাংশ ও মৃত্যুর সংখ্যা ১৮ শতাংশ বেড়েছে। আরক্যানসর গভর্নর হাচিনসন টুইটারে বলেছেন, “আমরা একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়তে দেখেছি আর এটি কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আগের সর্বোচ্চ সংখ্যাকে আড়াল করে দিয়েছে। এখন এ রাজ্যে মাত্র আটটি আইসিইউ শয্যা খালি আছে।”

