হিমাচলে পাহাড় ধস: পাথর চাপা পড়লো ৪০ বাসযাত্রী
উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ১৬:২০
ইন্ডিয়ার হিমাচল প্রদেশে পাহাড় ধস ৪০ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি বাস চাপা পড়ে। অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। ধসে আটকে পড়েছে অনেক গাড়ি। বুধবার (১১ আগস্ট) হিমাচলপ্রদেশের কিন্নরে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয় মানুষেরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার কিন্নরের রেকং পিও-সিমলা হাইওয়েতে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে হঠাৎই পাহাড়ের ধস নামে। রেকং পেও-শিমলা হাইওয়ের ভাব নগর থানা এলাকায় ধস নামার ঘটনাটি ঘটে। পাহাড় থেকে ভেঙে পড়ে বড় বড় পাথরের চাঁই। সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে পড়ে যান। বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। আর তার তলায় চাপা পড়ে যায় একটি লরি, একটি বাস এবং বেশ কয়েকটি গাড়ি। বাস থেকে পড়ে যাওয়া ওই চালককে উদ্ধার করা হয়েছে, তার প্রাথমিক চিকিৎসা চলছে। তবে পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
কিন্নর জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থানে যাচ্ছেন। পুলিশ সুপারও ধ্বস নামার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, সেনাবাহিনী, আইটিবিপি, পুলিশ ও হোমগার্ডরা ঘটনাস্থানে পৌঁছেছে। তারা উদ্ধারকার্য চালাচ্ছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও। এর আগে গত ২৫ জুলাইও কিন্নরে পাহাড় ধস নামে।

