ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও ব্যারিস্টার সুমনের নামে মামলা

ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও ব্যারিস্টার সুমনের নামে মামলা

উত্তরদক্ষিণ| বুধবার, ১১ আগস্ট ২০২১| আপডেট ২২:০০

টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা প্রচারের অভিযোগে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ সিরাজ ও প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ছাড়া ‘ঘটনা সত্য’ প্রচারিত এক নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, টকশো’র আলোচক ব্যারিস্টার সুমনকে আসামি করে অপর একটি মামলা করেছেন একই বাদী ‘প্রতিবন্ধী অধিকার কর্মী’ বশির আল হোসাইন।

বুধবার দুপুরে (১১ আগস্ট) বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকীর আদালতে প্রথমে পৃথক দুটি মামলার আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে মামলা দুটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ঠিক করা হয়েছে।

প্রথম মামলাটিতে বলা হয়— গত ২৩ জুলাই ‘ঘটনা সত্য’ নামে একটি নাটক চ্যানেল আইয়ের ঈদুল আজহার অনুষ্ঠানমালায় প্রচার করা হয়েছিল।

বাদীর অভিযোগ ‘ঘটনা সত্য’ নাটকে দেখানো সংলাপে প্রতিবন্ধী শিশু ও তাদের বাবা মা ও পরিবারকে ‘ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।’

এ মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে।

দ্বিতীয় মামলাটি করা হয়েছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ১১ জুলাইয়ের ‘টু দ্য পয়েন্ট’ এর পর্ব নিয়ে। যেখানে ব্যারিস্টার সুমনের আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রকাশ ঘটেছে বলে বাদীর অভিযোগ।

এ মামলায় আসামি করা হয়েছে ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী ও চ্যানেলটির প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।

বাদীর অভিযোগ ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, ‘আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি। লাফানো ঠিক আছে। আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাব?’

দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা, ব্যর্থতা ও অবস্থার সঙ্গে তুলনা করে ‘প্রতিবন্ধী বানাইয়া রাইখা’ এবং ‘এভাবে প্রতিবন্ধী বানাব’ শব্দ ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা দেওয়া হয়েছে বলে বাদীর অভিযোগ।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading