নওগাঁ ও সান্তাহার পৌরশহরের উপকেন্দ্রে আগুন: বিদ্যুৎহীন এলাকাবাসী

নওগাঁ ও সান্তাহার পৌরশহরের উপকেন্দ্রে আগুন: বিদ্যুৎহীন এলাকাবাসী

উত্তরদক্ষিণ| শুক্রবার, ১৩ আগস্ট ২০২১| আপডেট ১১:৩০

নওগাঁ শহরের কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রে শুক্রবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার পর থেকে নওগাঁ পৌর শহর ও সান্তাহার পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ নেই। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে তা সুনির্দিষ্ট ভাবে বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নেসকো (নর্দান ইলেক্ট্রেসিটি সাপ্লাই কোম্পানি) লিমিটেড নওগাঁ কার্যালয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫ টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রটির কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কিছুক্ষণ পরে নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

সূত্রটি জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় অনেক দূর থেকে কন্ট্রোল রুমের জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। অগ্নিকাণ্ডে পুরো কন্ট্রোল রুমে থাকা যন্ত্রপাতিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

নওগাঁ নেসকোর উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন বলেন, ‘ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘আগুন লাগার পর পুরো নওগাঁ পৌর শহর ও সান্তাহার পৌরসভার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঠিক কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে নওগাঁ নেসকোর কর্মীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে সহায়তা করতে রাজশাহী থেকে নেসকোর একটি বিশেষজ্ঞ দল আসছেন।’

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading