১০ লাখ ডোজ ভ্যাকসিন ও ৪.১ টন সিরিঞ্জ পাঠাল চীন

১০ লাখ ডোজ ভ্যাকসিন ও ৪.১ টন সিরিঞ্জ পাঠাল চীন

উত্তরদক্ষিণ| শনিবার, ১৪ আগস্ট ২০২১| আপডেট ০১:০৫

চীন সরকারের উপহার হিসেবে পাঠানো সিনোফার্মার আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। একই ফ্লাইটে চীন সরকারের উপহার হিসেবে পাঠানো ৪.১ টন সিরিঞ্জ এসেছে দেশে। এ নিয়ে চীন সরকারের উপহারের ২১ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এলো।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জা‌নিয়ে‌ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন থেকে বিমানের চার্টার্ড ফ্লাইটে ১০ লাখ ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিন ও সিরিঞ্জ বহনকারী বিমানের অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি-৫০৬৫) শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন ও ৩১৩টি কার্টনে ৪.১ টন সিরিঞ্জ এসেছে।

এছাড়া শনিবার সকাল ১০টায় বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের আরেকটি চার্টার্ড ফ্লাইট (বিজি-৫০৬৬) ভ্যাকসিন আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার শিডিউল আছে বলে জানানো হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading