সবই খোলা, বন্ধ শুধু শিক্ষা প্রতিষ্ঠান

সবই খোলা, বন্ধ শুধু শিক্ষা প্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১২:২০

করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল হয়েছে গত বছরের প্রাথমিক সমাপনী, জেএসসি, এইচএসি পরীক্ষা।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে বলেন, ‘অনেক জায়গা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চাপ আছে। কিন্তু ছাত্রসমাজ বা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই।’আমার কাছে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বার্তা আসে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলবেন না, এমন বার্তাই বেশি আসে। নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আন্দোলন হচ্ছে। কিন্তু আন্দোলনের জন্য আমরা জনগণকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারি না। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ক্যাম্পাস খোলা হবে। কোনো অবস্থাতেই আমরা জনগণের স্বাস্থ‌্য নিয়ে অবহেলা করব না।

সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবি ক্যাম্পাসে ভিসির বাসভবনের অবস্থান কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থীরা। একই দাবিতে নীলক্ষেত মোড়েও মানববন্ধন করেছেন ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, প্রয়োজনে জায়গা খালি রেখে ক্লাস করানো হোক। সবকিছুই যেখানে স্বাভাবিক, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা একেবারেই ভুল সিদ্ধান্ত।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী রোকাইয়া নওশীন বলেন, ‘সরকার গার্মেন্ট মালিক, বাস মালিকসহ অন্য ব্যবসায়ীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে। কিন্তু করোনাকালে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র শিক্ষার্থীদের কোনো সাহায্য-সহযোগিতা করেনি। ফলে অনেক শিক্ষার্থীই এখন মানবেতর জীবনযাপন করছে। অনেকের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আরিফ বিল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নোটিশ দেওয়া আর নতুন নতুন তারিখ ঘোষণা করা।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব‌্যাপারে শিক্ষা সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছেন। তবে সুনির্দিষ্ট তারিখ বলেননি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি যখনই অনূকূলে আসবে, প্রথম সুযোগটুকু আমরা নেবো।’

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন স্তরকে অগ্রাধিকার দেওয়া হবে জানতে চাইলে সচিব বলেন, ‘এগুলো এখনও চূড়ান্ত হয়নি। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই নিয়ন্ত্রণে আসবে, তখন সরকারের গঠিত কারিগরি কমিটিসহ সংশ্লিষ্টদের নিয়ে বসে চূড়ান্ত করব।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading