বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে: স্থানীয় সরকার মন্ত্রী

বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে: স্থানীয় সরকার মন্ত্রী

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ১৯:৪০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন এবং প্রশাসনের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা খুব শিগগিরই সমাধান হবে।

রবিবার, ২২ আগস্ট মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একসঙ্গে কাজ করতে গিয়ে কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে তা নিরসনও হয়।

তিনি বলেন, “বরিশালে যে অনাঙ্খাকিত ঘটনাটি ঘটেছে তা সমাধানের দিকে যাচ্ছে। সংশ্লিষ্ট সকলে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আমি আশা করি এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।”

স্থানীয় সরকার মন্ত্রী অনাকাঙ্খিত সেই ঘটনা সম্পর্কে বলেন, সিটি কর্পোরেশনের লোকজন সেখানে কিছু অপ্রয়োজনীয় পোস্টার, বর্জ্য অপসারণ করার জন্য গেলে প্রশাসনের কর্মচারীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের মেয়র সেখানে সমস্যা মীমাংসা করতে যান।

তিনি বলেন, সেখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আবার রাজনৈতিক নেতারা বলছেন, তারা মীমাংসা করার জন্য সেখানে গেছেন। সেখানে আসলে কি হয়েছিলো সেটি সময়ের ব্যবধানে জানা যাবে। আমরা সবাই নিজ নিজ পদে দায়িত্বশীল, সকলেই প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, সে কারণে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।

সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এবিষয়ে কোন তদন্ত করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমাদের পক্ষ থেকে যদি তদন্ত করার দরকার হয়, প্রয়োজনে ঘটনার তদন্ত অবশ্যই করা হবে।

মামলা দায়ের প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি মনে করেন সংক্ষুদ্ধ কোন ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য মামলা করে থাকেন। মামলা করা হয় সমস্যা সমাধানের জন্য। তদন্ত সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন তার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছে। সেখানে যেন কোনো অনাঙ্খাকিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারা তা পালন করছে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারাও শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading