উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন: স্পিকার

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন: স্পিকার

উত্তরদক্ষিণ| রবিবার, ২২ আগস্ট ২০২১| আপডেট ২১:৩০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দায় উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি রবিবার, ২২ আগস্ট সংসদ ভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে তাঁরা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, করোনাকালীন জীবনযাত্রা, কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

এসময় রাষ্ট্রদূত রাশিয়ার স্টেট ডুমার স্পিকারের পক্ষ থেকে স্পিকারকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১৩ থেকে ১৫ অক্টোবর ২০২১ অনুষ্ঠিতব্য তৃতীয় ইউরো এশিয়া উইমেন্স কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। স্পিকার এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদে অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সংসদে ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য ছাড়াও ২৩ জন নারী সংসদ সদস্য সরাসরি নির্বাচিত।

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণ আচরণ এবং বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উল্লেখযোগ্য। কোভিড-১৯ মোকাবেলা করে ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের গৃহীত উদ্যোগসমূহের প্রশংসা করেন তিনি।

স্পিকার বলেন, পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার ও সুসংহতকরণ সম্ভব। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে রাশিয়ার ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading