করোনা: একদিনে আরও ১১৪ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১| আপডেট ১৮:১৫
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে মারা গেছেন ১১৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫১৩ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ২২৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ২১ হাজার ১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৬৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৪, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন মারা গেছেন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

