করোনা: মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ আগস্ট ২০২১| আপডেট ১০:৩৫
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ কিছুটা কমেছে। আইসিইউতে ১৫ জনসহ মোট ১৭৬ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে মোট ৪২৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.২৪ শতাংশ।
ইউডি/কেএস

