নিউ জার্সির আটলান্টিক সিটিতে জমজমাট বাংলাদেশ মেলা

নিউ জার্সির আটলান্টিক সিটিতে জমজমাট বাংলাদেশ মেলা

উত্তরদক্ষিণ| শুক্রবার, ২৭ আগস্ট ২০২১| আপডেট ১০:৫০

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রবাসীদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে ‘বাংলাদেশ মেলা’। স্থানীয় সময় মঙ্গলবার আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়ামে ওই মেলা আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন উত্তর আমেরিকায় সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল কাদের মিয়া। তিনিই ছিলেন প্রধান অতিথি।সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলা ‘বাংলাদেশ মেলা’-য় আমন্ত্রিত অতিথি ছিলেন আটলান্টিক সিটি নিয়ে গঠিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২ এর কংগ্রেসম্যান (ডেমক্র্যাট) জেফ ভ্যান ড্রিউ।

আরও ছিলেন স্টেট অ্যাসেম্বলি প্রার্থী ফিল গুয়েনথার, জন রিসলি, আটলান্টিক কাউন্টির নির্বাহী পদে প্রার্থী সুসান এম করনগাট, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রার্থী সুব্রত চৌধুরী প্রমুখ।

সম্মাননা ক্রেস্ট হাতে গুণীজনরা।সম্মাননা ক্রেস্ট হাতে গুণীজনরা।শুভেচ্ছা বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, “বাংলাদেশী বংশোদ্ভূত প্রজন্মের মধ্যে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারি ছাত্র-ছাত্রীরা সংবর্ধিত হবার ঘটনাটি বিরল। আর এর মধ্যদিয়েই অন্যদেরকে উৎসাহিত করা সম্ভব হয়- যাতে তারাও সামনের বছর ভালো রেজাল্ট দেখাতে সক্ষম হয়। বহুজাতিক এ সমাজে বাঙালিদের ঐক্যের বিকল্প নেই। ঐক্যের এই ধারা প্রবাহিত করতে হবে মূলধারায় নিজেদের অবস্থান সংহত করতে। আর এক্ষেত্রে আটলান্টিক কাউন্টি ইতিমধ্যে অনেকটা এগিয়ে রয়েছে। এজন্যে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ সকলকে ঐক্যবদ্ধ থেকে ট্রাম্পের ‘গণবিরোধী তৎপরতার দাঁতভাঙ্গা জবাব’ দেয়ার অনুরোধ করেন। সামনের বছরের জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সেই নির্বাচনে হোয়াইট হাউজ থেকে হঠকারী নেতৃত্ব সরাতে হবে।

মেলায় নিউ জার্সির বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসীরা এসেছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে ছোট্টমনিদের মেলার আসার ঘটনা সকলকে অভিভূত করেছে। মা-বাবা-অভিভাবকের জন্মভূমির প্রতি তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রাঙ্গণকে মুখরিত করে রাখে।

সম্মাননা ক্রেস্ট হাতে ছাত্র-ছাত্রীরা মেলার প্রধান অতিথির সাথে।সম্মাননা ক্রেস্ট হাতে ছাত্র-ছাত্রীরা মেলার প্রধান অতিথির সাথে।পাশের অন্য রাজ্য থেকেও প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ছিল। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পণ্যের বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, গুণীজন সংবর্ধনা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকল অতিথি ও আয়োজকদের সাথে নিয়ে প্রধান অতিথি আবদুল কাদের মিয়া বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র উদ্বোধন করেন রাত পৌনে ৯টায়। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের প্রধান কাঞ্চন বল, ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়া, শামসুল ইসলাম শাহজাহান, মনির হোসেন, আবদুল জামিল, জসিম উদ্দীন, আয়োজক সংগঠনের সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, প্রধান উপদেষ্টা সৈয়দ মো. কাউছার, বাংলাদেশ মেলা-২০১৯-এর আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব মিরাজ খান, ফরহাদ সিদ্দিক, মোঃ সেলিম, শেখ সেলিম, আলী হোসেন, নজরুল ইসলাম আকাশ, বিপ্লব দাশ, গোলাম হাফিজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার অন্যতম সহ-সভাপতি হাজী জাফরউল্লাহ-সহ নেতারা সেখানে ছিলেন।

বাংলাদেশ মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী বাংলাদেশি-আমেরিকান কৃতি ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা। মেলায় আটলান্টিক কাউন্টির বিভিন্ন স্কুলের অষ্টম গ্রেড পর্যন্ত ৭৫ জন কৃতি ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

বিপ্লব দেবের সঞ্চালনায় আয়োজক সংগঠনের ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানটি মেলায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের বেশ প্রশংসা কুড়ায়। মেলার বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়। বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবাসের জনপ্রিয় সঞ্চালক আশরাফুল হাসান বুলবুল।

আয়োজকদের পাশে নিয়ে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন আব্দুল কাদের মিয়া। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর।আয়োজকদের পাশে নিয়ে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন আব্দুল কাদের মিয়া। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর।আটলান্টিক সিটির পাঁচ কৃতি প্রবাসীকে বাংলাদেশ মেলায় বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- জসীমউদ্দীন, মিরাজ খান, কাঞ্চন বল, সৈয়দ মো. কাউসার, আমিরুল ইসলাম টফি। তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ।

মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী বিউটি ও বাংলাদেশের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সংগীতশিল্পী চন্দন চৌধুরী।

সবশেষে মঞ্চ মাতাতে আসেন সারেগামা খ্যাত ভারতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী সুপ্রতীপ। শিল্পী মঞ্চে এসে দাঁড়াতেই প্রবাসীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। দর্শকদের অভিবাদন গ্রহণ শেষে শিল্পীর একের পর এর সুরের মূর্চ্ছনায় প্রবাসীরা অনাবিল আনন্দে মেতে ওঠেন। তার গানের সাথে নেচে-গেয়ে প্রবাসীরা বেশ আনন্দ উপভোগ করেন। যন্ত্র সংগীতে শিল্পীদেরকে সহযোগিতা করেন মাটি ব্যান্ডের সদস্যরা। মধ্যরাতে বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে র‌্যাফেল ড্রর মাধ্যমে ‘বাংলাদেশ মেলা’-র সমাপ্তি ঘটে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading