দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ| শনিবার, ২৮ আগস্ট ২০২১| আপডেট ১৫:৪০

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা সরকারের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে।

শনিবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক সেমিনারে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ, সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের সমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। তারা দেশ-বিদেশের নানান স্থানে মিটিং, লবিস্ট নিয়োগ এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছে। খুনি ঘাতকদের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইতিহাসে কার কী ভূমিকা তা সবই জানা আছে।’

বঙ্গবন্ধুর তৃতীয় বিশ্বের নেতা হিসেবে উত্থান অনেকেরই পছন্দ হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জেলের জাল পরিয়ে বাসন্তীকে দিয়ে নাটক সাজানো হয়েছিলো, যা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। কারণ বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু সরকারের সুনাম নষ্ট করাই ছিলো তাদের মূল লক্ষ্য।’

জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিলো, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে কী প্রমাণিত হয়-এমন প্রশ্ন তুলে ওবায়দুল কাদেরের বলেন, ‘মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে, কিন্তু কফিনে যে লাশ ছিলো তা তো দেখাতে পারেননি। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের জানাজাতেও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিলো কিন্তু কফিনে তো তার লাশ ছিলো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রহমতুল্লাহ, অ্যালামনাই অ‌্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading