নতুন মাইলফলকে দেশের শেয়ারবাজার
উত্তরদক্ষিণ| বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১৫:২০
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও (১ সেপ্টেম্বর) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনেদেনও বেড়েছে। খবর-ডিএসই।
বুধবার ডিএসইতে ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৭ কোটি ২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার (৩১ আগস্ট) ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯১৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ১৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।
দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

