এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১ | আপডেট ১২:৩০
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন মারা গেছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসিবুর রহমান স্বপনের ব্যক্তিগত সহকারী শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
চলতি বছর ফেব্রুয়ারিতে তুরস্কের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেন এমপি স্বপন। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে ১২ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
হাসিবুর রহমান স্বপনের জন্ম ১৬ জুন ১৯৫৬ পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে।
হাসিবুর রহমান স্বপন আশির দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কেএস

