বেঁচে থাকার জন্য টাকা বানানোর প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

বেঁচে থাকার জন্য টাকা বানানোর প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১। আপডেট ১৫:৪৫

নেতাকর্মীদের বঙ্গবন্ধু পরিবারের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি যদি করেন আদর্শের রাজনীতি করবেন। বেঁচে থাকার জন্য টাকা বানানোর প্রয়োজন নেই, সম্পদ বানানোর কোনো প্রয়োজন নেই। দুনিয়া থেকে চলে গেলে এগুলো কে খাবে? এত টাকা এত সম্পদের কী প্রয়োজন? কিছু কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। শুধু টাকা আর টাকা। সম্পদ আর সম্পদ। দেশে সম্পদ বিদেশে সম্পদ; এদের এই যে বেপরোয়া লোভ-লালসা এর যেন কোনো শেষ নেই।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে বলেন মূল্যায়ন হয়নি, কিছু পাইনি। এ ধরনের হাহাকার শুনতে পাই। একটু বঙ্গবন্ধু পরিবারের দিকে চেয়ে দেখুন। বঙ্গবন্ধু যখন ছিলেন না কীভাবে এই পরিবার চলেছে। কীভাবে বেগম মুজিব একটা পরিবারকে আগলে ধরেছেন, সেই ইতিহাস পড়ুন। সেই ইতিহাস থেকে শিক্ষা নিন।’

সততার রাজনীতির বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ১৯৭৫’র পর গোটা পরিবার শেষ। বঙ্গবন্ধু নেই, বেগম মুজিব নেই। তিন ভাই নেই। বিদেশে ছিলেন না বলে শেখ হাসিনা-শেখ রেহানা বেঁচে গিয়েছেন। এই নিঃস্ব অবস্থা থেকে কোথায় আজকে ফ্যামিলি।’

এ সময় ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ছেলেমেয়েদের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বিভিন্ন ত্যাগ ও সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ‘তারা ছেলেমেয়েদের দিয়ে বিকল্প কোনো পাওয়ার সেন্টার কোনো হাওয়া ভবন নির্মাণ করেননি। তাদের জ্ঞানে গরিমা, মেধা পড়াশোনায় সমৃদ্ধ করেছেন।’

এ দেশের রাজনীতিতে পঁচাত্তর পরবর্তীকালের সবচেয়ে ঝুঁকিময় জীবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছেন তিনি। তার জীবনের ওপর বারবার আঘাত করা হয়েছিল। অন্তত ২০ বার হত্যার চেষ্টা হয়েছিল। এখনও ষড়যন্ত্রের বুলেট তার পিছু ছাড়েনি। কিন্তু শেখ হাসিনা ভয়কে জয় করেছেন। পিতা বঙ্গবন্ধুর মতো ভয়কে জয় করে, হাসিমুখে সকল ষড়যন্ত্র মাড়িয়ে এগিয়ে যাচ্ছেন অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন।’

করোনা সংক্রমণ কমে গেলেও সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading