বাংলাদেশে প্রথম এটিএম মেশিন তৈরি করতে যাচ্ছে টেকনো
উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১| আপডেট ১৭:১০
বাংলাদেশে প্রথম অটোমোটেড টেলার মেশিন (এটিএম) তৈরি করতে যাচ্ছে টেকনো মিডিয়া লিমিটেড। আর কোম্পাটিতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে ২৫০ জন শিক্ষিত তরুণের। কোম্পানিটি দেশে নিজস্ব কারখানায় দুই ধরনের প্রযুক্তি সম্পন্ন মেশিন তৈরি করবে। একটি এটিএম মেশিন এবং আরেকটি হলো ক্যাশ রিসাইকেলার মেশিন (সিআরএম)।
এজন্য কোম্পানিটিকে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এক একর জায়গা বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে হাইটেক পার্কের জায়গা বরাদ্দের দলিল হস্তান্তর করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) দলিল গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে যশোদা জীবন দেবনাথ বলেন, আড়াই মিলিয়ন ডলার দিয়ে কোম্পানি তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এই বিনিয়োগ আরও বাড়বে। আমরাই প্রথম বাংলাদেশে এটিএম মেশিন তৈরি করতে যাচ্ছি। এখাতে দেশে অন্তত দুইশত কোটি টাকা বাঁচবে। এই পরিমাণ টাকার এটিএম মেশিন বিদেশ থেকে আমদানি করা হতো। এই বিপুল পরিমাণ টাকা বাঁচার কারণে অনেক কর্মসংস্থানেরও সুযোগ হবে।
জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, একটা আধুনিক সমাজ গড়ে উঠেছে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে গড়ে ওঠা গার্মেন্টস নিয়ে আমরা গর্ব করি। সেখানে আমাদের সস্তা শ্রম ছিল। কিন্তু এখানে সস্তা শ্রম চলবে না, সেক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের ফ্যাক্টরিতে হরেক পণ্য উৎপাদন হচ্ছে। আপনারা মান নিয়ে সচেতন থাকবেন। আমাদের কোয়ালিটির ব্যাপারে সচেতন থাকতে হবে। এখানে যারা আজ চুক্তি বদ্ধ হলেন সকলকে আমাদের অভিনন্দন। বেসরকারি সেক্টরকে নিয়ে আগাতে হবে। আমাদের বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের উন্নত রাষ্ট্রের চেয়ে সভ্য রাষ্ট্রের প্রয়োজন।

