চট্টগ্রামে সেই খালের পাড়ে দেয়াল

চট্টগ্রামে সেই খালের পাড়ে দেয়াল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১ অক্টোবর ২০২১। আপডেট ২০:৩০

চট্টগ্রামে খালে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের তিন দিন পর সেই খালের ওপর ফুটপাতের খোলা অংশে দেয়াল উঠেছে।

বৃহস্পতিবার গভীর রাতে দেয়ালটি নির্মাণ করা হয়। তবে এটি কারা নির্মাণ করেছে, তা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ ও চট্টগ্রাম সিটি করপোরেশন- সিসিসি দায়িত্ব নিচ্ছে না।

সিসিসি’র দাবি তাদের অনুরোধে সিডিএ এই দেয়াল নির্মাণ করেছে। আর সিডিএ’র দাবি তারা নয় বরং সিটি করপোরেশনই খালের মুখে এটি তৈরি করেছে।

সিসিসি’র নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বলেন, “আমরা অনুরোধ করেছি। বলেছি আপনারা এটা করেননি কেন? এটা থাকলে তো দুর্ঘটনা হত না। তারা গত রাতে করে দিয়েছে।”

সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, “আমার জানা মতে, আমরা সেখানে কোনো দেয়াল তৈরি করিনি। ওটা সিটি করপোরেশন করেছে।”

সোমবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় নবী টাওয়ার সংলগ্ন ফুটপাত ধরে নানা ও মামার সঙ্গে হেঁটে যাওয়ার সময় নাছির ছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া (১৯)।

এর প্রায় পাঁচ ঘণ্টা পর কয়েক টন আবর্জনা সরিয়ে সাদিয়ার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খালের ওপরে ও পাশে ফুটপাতের ওই অংশটুকু সরু ছিল এবং বেঁড়া বা অন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। ওই রাতে টিপটিপ বৃষ্টি হওয়ায় পা পিছলে সরাসরি আবর্জনাভর্তি খালে পড়ে যান সাদিয়া।

এর আগে ২৫ অগাস্ট নগরীর মুরাদপুর মোড়ে জলাবদ্ধতার মধ্যে চশমা খালে পড়ে গিয়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনও তার কোনো খোঁজ মেলেনি।

গত তিন মাসে নগরীর খাল-নালায় পড়ে চার জনের মৃত্যু হয়েছে। একের পর এক এসব ঘটনায় নগরীজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। উন্মুক্ত খাল-নালায় পড়ে পথচারীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা হয় সব মহলে।

সাদিয়ার মৃত্যুর পরও আগের মতই এই ঘটনার দায় নিতে রাজি হয়নি কোনো সরকারি সেবা সংস্থা।

সিসিসি ও সিডিএ একে অন্যকে দোষারোপ করে এসব ঘটনায়। সিটি করপোরেশেনের দাবি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করছে সিডিএ। সেখানকার সড়ক সম্প্রসারণ, ড্রেন ও ফুটপাত তৈরি কাজও তারাই করছে। তাই ঘটনাস্থলে নালার উপর স্ল্যাব না থাকার দায় সিডিএ’র।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading