ক্যাশ আউট খরচ কমাল বিকাশ

ক্যাশ আউট খরচ কমাল বিকাশ

উত্তরদক্ষিণ । শনিবার, ০২ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:৩৫  

গ্রাহকের লেনদেন আরও সাশ্রয়ী করতে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউটে বিশেষ শর্তে চার্জ কমিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪ দশমিক ৯০ টাকা খরচে একটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে ক্যাশ আউট করা যাবে বলে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
এতে বলা হয়, আগের মতই বিকাশের এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি আর কোনো খরচ করতে হবে না।
বিকাশের সাড়ে পাঁচ কোটি গ্রাহকের সবাই এ নিয়ম মেনে ২৫ হাজার টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিকাশ লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৫ শতাংশ গ্রাহকই মাসে ২৫ হাজার টাকার মধ্যে ক্যাশ আউট করে থাকেন। এ বিষয়কে বিবেচনায় নিয়েই বিকাশের এক দশক পূর্তিতে গ্রাহকের জন্য এ সাশ্রয়ী ক্যাশ আউট চার্জ ঘোষণা করা হয়েছে।
সেবাটি পেতে গ্রাহককে ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করতে হবে। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমত ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তিনি।
‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেনু থেকে ‘প্রিয় নম্বর’ মেনু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেওয়ার সুযোগও থাকছে।
বিকাশের ওয়েবসাইটে গিয়েও কাজটি করে নওয়া যাবে। প্রতিমাসে ২৫ হাজার টাকার চেয়ে বেশি ক্যাশ আউট করার ক্ষেত্রে হাজারে ১৮ দশমিক ৫০টাকা ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে।
‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে একই হারে চার্জ প্রযোজ্য হবে। এছাড়া সারাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রায় দেড় হাজারের বেশি এটিএম বুথ থেকে যে কোনো সময় প্রয়োজনমত হাজারে ১৪ দশমিক ৯০ টাকায় ক্যাশ আউটের সুযোগ অব্যাহত থাকছে।

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading