চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:০৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (৪ অক্টোবর) উপজেলার শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকো পার্ক সংলগ্ন এলাকায় সকালে এই ঘটনা ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোহাম্মদ জাহেদুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রতন দাস (৫০) চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাসের ছেলে।
মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সকালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হবার খবর পাওয়া যায়।পরে দ্রুত উদ্ধার অভিযানে যায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের এক টিম। সেখান থেকে রতন দাসের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। আহতদের নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনএন জব্দ করেছে পুলিশ।
ইউডি/সুস্মিত

