আজ এবং আগামীকাল ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে
উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৫৫
কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ করোনার টিকা দেশে আসছে। আজ এবং আগামীকালের মধ্যে পৃথক তিন চালানে আসবে এসব টিকা।
সোমবার (৪ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় আসবে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং রাত ১১টা ২০ মিনিটে আসবে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ।
আজ এবং আগামীকাল এই দুদিনে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এই ২৫ লাখ ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় এক লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং ৩য় দফায় আরও ২৫ লাখ ডোজসহ এই পর্যন্ত ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।
এদিকে, আগামী ডিসেম্বরের মধ্যেই কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে দেশের ২০ ভাগ এবং পর্যায়ক্রমে ৪০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় দেশের ২০ ভাগ মানুষের জন্য ভ্যাকসিন পাঠানোর আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সুস্মিত

