ফারইস্ট লাইফের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৮:১০
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইতোপূর্বে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পায় কমিশন। এরপর আগের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করার নির্দেশ দেয় বিএসইসি।
প্রতিষ্ঠানটির উপ-পরিচালক শাহ আলমকে প্রধান করে চার সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- পরিচালক (আইন) মোহাম্মদ শফিউদ্দীন, অফিসার আবু মাহমুদ ও জুনিয়র অফিসার শামছুল আলম। খবর-আইডিআরএ।
সোমবার (০৪ আক্টোবর) আইডিআরএ এর নির্বাহী পরিচালক এসএম শাকিল আখতার স্বাক্ষরিত এক চিঠি ফারইস্ট ইসলামী লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো অভিযোগের ভিত্তিতে বিমা আইন-২০২০ এর ৪৮ ধারা অনুসারে ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত পরিচালনার জন্য কমিটি গঠন করা হলো।
কমিটি ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের অবৈধ মানিলন্ডারিং এবং কোম্পানির প্রশাসনের দুর্নীতি হয়েছে কিনা তা যাচাই করবে। সাবেক চেয়ারম্যান ভূমি কেনা-বেচায় প্রতারণামূলক ভাবে বিনিয়োগ দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাত, কোম্পানির ফিক্সড ডিপোজিট হতে অর্থ আত্মসাত, জাল-জালিয়াতি মাধ্যমে বিনিয়োগ করে কোম্পানির অর্থ আত্মসাত করে থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে কমিটি।

