বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম
উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১১:৩৫
পর্যটক ও দুই দেশের জনগণের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে সরাসরি বিমান যোগাযোগ চালুর আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম।
গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইন এ আগ্রহের কথা জানান।
ভিয়েতনামের মুক্তির সংগ্রামে দেশটির জনগণের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি দেশই মুক্তির জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে। আকাশ পথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে এই দুই বন্ধুপ্রতীম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়বে।’
ফাম ভিয়েত চেইন আরও বলেন, ‘বাংলাদেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ জনগণ বাংলাদেশের পর্যটন শিল্পের বড় সম্পদ। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার সব সম্ভাবনা বাংলাদেশের আছে। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র উন্নয়নে পর্যটন ও সিভিল এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্প ও এভিয়েশন খাতের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে তা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি জনগণের মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে।’

