সাড়ে ছয় মাস পরে বিএনপির কার্যালয়ে রিজভী

সাড়ে ছয় মাস পরে বিএনপির কার্যালয়ে রিজভী

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৩০

সাড়ে ছয় মাসের বেশি সময় পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাজ শুরু করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী দলের কেন্দ্রীয় দপ্তরেরও দায়িত্বে রয়েছেন। তার অনুপস্থিতি দপ্তর সামলে আসছিলেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বুধবার (৬ অক্টোবর) সকালে কাজে যোগ দিয়ে রিজভী সংবাদ মাধ্যমকে বলেন, আমি আবার অফিস শুরু করেছি। আজকে খুব ভালো লাগছে নিজের অফিসে অনেক দিন পর আসতে পেরেছি। অনেকটাই সুস্থ বোধ করছি। সিঁড়ি বেয়ে উঠতে এখনও ‘একটু কষ্ট’ হয়, তারপরও নিয়মিত অফিসে আসার ইচ্ছা আছে।

রিজভী বলেন, হার্টের সিভিয়ার অবস্থা হল, তারপরে করোনার আক্রান্ত হলাম। দুইটা মিলে একটা কঠিন অবস্থা পার করেছি আমি। এখন আল্লাহর রহমতে অনেকখানি সেরে উঠেছি। অসুস্থতার সময়টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ যারা নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন, পাশে থেকেছেন, সবার প্রতি কতৃজ্ঞ আমি। সেইসঙ্গে সারা দেশে বিএনপি নেতাকর্মী এবং দেশবাসীর প্রতিও শুভেচ্ছা জানাচ্ছি।

সর্বশেষ গত ১৬ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেন রিজভী। ওইদিন দলের একটি কর্মসূচি শেষ জ্বর অনুভব করায় কোভিড পরীক্ষা করেন। তখনই তার সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের বেশি সময় তিনি আইসিইউতে ছিলেন।

রিজভীর অফিসে ফেরার খবর পেয়ে দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটি নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতা-কর্মীরা নয়া পল্টনে এসে তাকে শুভেচ্ছা জানান। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় কেন্দ্রীয় দপ্তরের কক্ষটি দলের নেতাকর্মীদের কাছে রিজভীর ‘সেকেন্ড হোম’ হিসেবে পরিচিত। বিগত বছরগুলোতে দলের বিভিন্ন আন্দোলন কর্মসূচির সময় মাসের পর মাস তিনি টানা এই অফিসে কাটিয়েছেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading