তুরাগ নদীতে ট্রলারডুবি: ৩ জনের লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৪:১৫
ঢাকার গাবতলী সংলগ্ন তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্রলারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার (৯ অক্টোবর) সকালে ডুবে যাওয়া ট্রলারটির আরও কয়েক যাত্রী এখনও নিখোঁজ বলে বলে স্থানীয়রা জানিয়েছে।
নৌপুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার ফরিদুল ইসলাম দুপুরে উত্তরদক্ষিণকে জানান, তিনটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদের মধ্যে একজন ত্রিশোর্ধ্ব এক নারী এবং ৫ থেকে ৭ বছর বয়সের দুটি শিশু। আরও পাঁচজনের মতো নিখোঁজ রয়েছে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম এর আগে উত্তরদক্ষিণকে বলেছিলেন, সকাল সাড়ে ৬টার দিকে ট্রলারটি ডুবে গেলেও ফায়ার সার্ভিস পৌনে ৯টার দিকে খবর যায়। তারপরই নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে ডুবুরিরা।
নৌ পুলিশের আমিনবাজার থানার ওসি আলমগীর শেখ সংবাদমাধ্যমকে জানান, বালুবাহী একটি খালি ট্রলারটিতে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় ডুবে যায়। ট্রলারে থাকা ১০ জনকে উদ্ধার করা হয়। এখনও সাত-আটজন নিখোঁজ রয়েছেন।

