টিসিবির ট্রাকে লম্বা লাইন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ । আপডেট ১৫:৩৫
সিলেটের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল, পেঁয়াজসহ নিত্যপণ্য। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে ভিড় করছেন তারা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, সিলেট নগরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে লম্বা লাইন। বাজারমূল্য থেকে টিসিবি পণ্যের দাম কম হওয়াতে তীব্র গরমেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন ক্রেতারা।
টিসিবি থেকে পণ্য কিনতে আসা শফিক মিয়া জানান, বাজারে সয়াবিন তেল ১৫০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, তেল ও ডাল ৮০ টাকা। তবে টিসিবিতে পণ্যের দাম অনেক কম। এখানে একটু অপেক্ষা করে পণ্য কিনলেও কিছু টাকা বাঁচানো যায়।
টিসিবি সিলেট আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. ইসমাইল মজুমদার জানান, সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠ, মদিনা মার্কেট ও বন্দরবাজারে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া সিলেট বিভাগের মোট ১২ এলাকায় ট্রাকে করে পণ্য বিক্রি হয়। প্রতি ট্রাকে ৪০০ লিটার তেল, ৩০০ কেজি চিনি, ৩০০ কেজি ডাল ও ৭০০ কেজি পেঁয়াজ প্রতিদিন বিক্রি হচ্ছে। কম দামে এসব নিত্যপণ্য নিম্ন ও মধ্যবিত্তরা কিনে নেন।

