মানিকগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ০৮:২০
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর সড়কে কৌড়ি কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ববেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)। আহত ব্যক্তি হলেন- হরিরামপুর উপজেলার পাড়াগ্রাম বিজয়নগর এলাকার নিখিল সরকারের ছেলে কার্তিক (২৭)।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ছয়টার দিকে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন মারাত্মকভাবে আহত হয় এবং মোটরসাইকলেটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর দ্রুত তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলিফ দুজনকে মৃত ঘোষণা করেন। আহত কার্তিককে ভর্তি করে নেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠনো হয়েছে। এছাড়া মোটরসাইকের উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইউডি/সুস্মিত

