গাজীপুরে প্রতিমা ভাঙচুর মামলায় ১৮ জন রিমান্ডে

গাজীপুরে প্রতিমা ভাঙচুর মামলায় ১৮ জন রিমান্ডে

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ অক্টোবর ২০২১ । আপডেট ০৮:৪০

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ৩টি মামলা হয়। এসব মামলায় ২০ জনকে গ্রেপ্তারের পর ১৮ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুক্রবার (১৫ অক্টোবর) প্রতিমা ভাঙচুরের পৃথক ৩টি মামলায় ১৮ জনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাশিমপুর থানার ওসি মো. মাহবুবে খোদা জানান, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে কাশিমপুর বাজারের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কাশিমপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল রুদ্র, কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার পারিবারিক মন্দির পরিচালনাকারী সুবল চন্দ্র দাস ও পালপাড়া নামাবাজার এলাকার সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল পাল বাদি হয়ে ওই মামলা তিনটি করেছেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০-২০০জনকে আসামি করা হয়েছে।

দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিমপুর থানার এসআই মো. তানভীর আহমদ জানান, শুক্রবার সকালে আদালতে গ্রেপ্তারদের মধ্যে ১৮ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুইজনকে ঘটনার দিন আহত অবস্থায় আটক করা হয়েছিল। তারা সুস্থ হলে পরে তাদেরও রিমান্ড চাওয়া হবে।

এর আগে কুমিল্লায় প্রতিমার পায়ের নিচে কোরআন শরীফ রাখার ইস্যুকে কেন্দ্র করে উত্তেজিত হয় এলাকাবাসী। পরে বৃহস্পতিবার সকালে পূজারীরা মন্দিরে পূজা-অর্চনা করছিলেন, এমন সময় কয়েক শ’ লোক লাঠিসোটা নিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঢুকে হামলা চালায়। তারা লক্ষী ও অসুরের প্রতিমা ভাঙচুর করে চলে যায়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। হামলার সময় ২০ হামলকারীকে ধরে পুলিশে হস্তান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ও জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান (অপরাধ) ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading