প্রস্তুতি ম্যাচের ফল মূল ম্যাচে প্রভাব পড়বে না: মাহমুদউল্লাহ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৬:১০
বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচের দু’টিতেই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমটিতে হারার পর আয়ারল্যান্ডের মতো দলের কাছেও পাত্তা পায়নি টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচের ফল কিংবা পারফরম্যান্স মূল ম্যাচে প্রভাব পড়বে না বলে জানালেন দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন,’আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ হেরেছি। আমার মনে হয় এর কোনো প্রভাব পড়বে না। আমরা প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছি। দলের আত্মবিশ্বাস আগের মতই আছে। আমরা সেরা ক্রিকেটটাই খেলতে পারব।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল কিন্তু শেষ দিকে আভিষ্কার ঝড়ে হেরে যায় ৪ উইকেটে। আর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ দেড়শ রানও করতে পারেনি। বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৪৪ রানে। হারতে হয় ৩৩ রানে।
ইনজুরি কারণে ম্যাচ দুটি খেলেননি মাহমুদউল্লাহ। ছিলেন না সাকিব আল হাসানও। এক ম্যাচে খেলেননি মুস্তাফিজুর রহমান। তাই এই প্রস্তুতি ম্যাচের হারকে সতর্কবার্তা হিসেবে দেখতে নারাজ মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘কোনো সতর্কবার্তা না। আমরা জানি প্রস্তুতি ম্যাচে কোন জায়গাগুলো কাজে লাগাতে পারিনি। বেশ কয়েকজন খেলোয়াড়ও একাদশে ছিল না। প্রস্তুতি ম্যাচের ফলাফল আমাদের মানসিকতায় প্রভাব ফেলবে না। আমরা এখনও অনেক ইতিবাচক।’
ইউডি/আব্দুল্লাহ

